একটি সিরিজ জনপ্রিয় হয়ে ওঠার একটি অন্যতম কারণ আমার মতে হচ্ছে, একই সিরিজের একটি সিজন তার আগের সিজনের তুলনায় কম চিত্তাকর্ষক না হওয়া।
কথাটা ভীষণভাবে প্রযোজ্য শ্বেতকালীর ক্ষেত্রে।
একইরকম রহস্যের বুনট! প্রায় একইরকম অতিপ্রাকৃতের ইঙ্গিত! তার সাথে একইরকম কিছু ভয় জাগানো পরিবেশ! তাই, রোমাঞ্চটা প্রায় একই রয়েছে! কমে তো নিই, বরং বৃদ্ধি পেয়েছে আগের সিজনের তুলনায়।
তবে ছেলেমানুষি ব্যাপারস্যাপার যে নেইই, তা নয়। নিশ্চয়ই আছে! কিন্তু স্বীকার করতেই হবে যে, রোমাঞ্চের প্রলেপটা তাকে অনেকাংশেই ঢেকে দিয়েছে।
আমি তো পরের সিজনের জন্য পাক্কা মুখিয়ে থাকব।
এবারের গল্পের শুরু প্রত্যন্ত মেঘঝুরি গ্রামে। এক অভিশাপের কবলে নাকি এই এলাকাটা। এখানে থাকা কোনো মহিলাই আর মা হতে পারেনা কোনো এক অতীতের পাপের কারণে দেবী গুহাকালীর রোষে। পাপ খণ্ডানোর উপায়ও বলা আছে। ভবিষ্যতে দেবী আবির্ভূতা হয়ে তিনটি বলি নিলেই শাপমুক্ত হবে গোটা এলাকা।
স্থানীয় মানুষদের মধ্যে এই বিশ্বাসের ভিত অনেকটাই গভীরে। এই এলাকাতে বাস করা মহিলারা সত্যিই যেন মা হতে অক্ষম। এর সাথেই যেন দেবীর আবির্ভূতা হওয়ার কথাটা সত্যি প্রমানিত করে এলাকার রায়চৌধুরী পরিবারের নতুন বউমার উপর কালীপুজোর সময় কি এক অজানা ভর হল। আচার, আচরণ রুষ্ট কোনো দেবীর মত। সাথে বলিও নিতে উদ্যত এই নারী। এলাকায় মৃত্যুও ঘটল! একদিকে দেবীর কোপে পড়ে মৃত্যুর ভয় আর অন্যদিকে শাপমুক্তি ঘটার অজানা আকাঙ্খায় এলাকার সবাই সন্ত্রস্ত হয়ে পড়ল।
কিন্তু তার মাঝেই যেন রহস্যের গন্ধ পায় যুক্তিবাদী মনটা। সন্দেহ জাগে কিছু মানুষের আচরণ দেখে। কিন্তু কুসংস্কারের বেড়াজাল টপকে সত্যসন্ধান করা যে ভয়ঙ্কর কঠিন, তা বুঝতে খুব বেশি সময় লাগে না সত্যসন্ধানীর। প্রাণের থেকেও প্রিয় কিছু হারানোর ভয় থাকছে যে সাথে!
তবে রহস্যটা তো ভেদ করতেই হবে! অনেকগুলো খটকা যে ভাসিয়ে দিচ্ছে! দেবী কি সত্যিই এত নিষ্ঠুর? কিন্তু তাহলে কে করছে এই ভয়ানক কাণ্ডগুলো?
জানতে হলে দেখতেই হবে এই সিজনটা মন দিয়ে। রুদ্ধশ্বাস এই গল্পেতে বেশ কিছু চমক আছে। অনেকদিনের অপেক্ষার পর এই সিজন কিন্তু মন ভরিয়ে দেবে। সাধুবাদ অবশ্যই প্রাপ্য পরিচালক, সানি ঘোষ রায়ের, এত যত্ন সহকারে সিজনটা বানানোর জন্য। হুড়োহুড়ি না করে সময় নিয়ে বানিয়েছেন মনে হয় এবং যথেষ্ট রোমহর্ষক হয়েছে। শুধু সরলীকরণ একটু কম হলে মনটা পুরোপুরি ভরতো। রিদ্ধিমা ঘোষের অভিনয় আমার বরাবরের প্রিয়, এবারের চরিত্রটাতেও খুব সুন্দর মানিয়েছে। ঐন্দ্রিলা সেনও একদম যথার্থ! তবে সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়ের অভিনয়, এদেরকে ছাপিয়ে হয়ে উঠেছে অনবদ্য ও ভয়ঙ্কর সুন্দর। তাই ভুলত্রুটিগুলো যদি না ধরা হয়, তো পর্বগুলো বেশ জমাটিই লাগবে দর্শকদের কাছে।

No comments:
Post a Comment