মহিলা রীল ক্রিয়েটররা খুন হচ্ছেন একের পর এক! হিংস্র ভাবে খুনগুলো করা হয়েছে - নাক কেটে! পুলিশ ফোর্স বিভ্রান্ত। এবারেই চমক! খুনি কে, তা দেখিয়ে দিয়েছেন পরিচালক এবং তারপরেও টানটান রেখেছে পর্বগুলো। এইটাতে কিন্তু স্বীকার করতেই হবে পরিচালক, নির্ঝর মিত্রের বাহাদুরি। খুনি কে জেনেও, তাকে ধরার উত্তেজনাটা দর্শকদের উপভোগ করাতে পুরোপুরি তিনি সফল।
মুশকিলটা হলো, এর পরেও ভুলত্রুটিগুলো অনেকটাই চোখে পড়ার মতো হওয়াতে, এই সীজনটা পুরোপুরি জমে উঠতে পারেনি কিছুতেই। কয়েক জায়গায় অতি সরলীকরণ করে ফেলেই গোলমালটা ঘটেছে।
যেমন, জনপ্রিয় ও উঠতি এক রীল ক্রিয়েটর তার লাইভ প্রোগ্রামের জায়গা ঘোষনা করে দিলেও, জায়গাটা শুনশান রয়ে যায়। তারপর অভিজ্ঞ পুলিশ অফিসার মারাত্মক খুনিকে আটকাতে ব্যাকআপ ছাড়াই বেরিয়ে পড়ে। এরকম কিছু বেকার ভুলই মন ভরাতে দেবে না এবারে। পরিচ্লক আরেকটু যত্ন নিয়ে বানালে আর খানিকটা কম মশলা দিলে কিন্তু এই সীজনটাও আগেরটার মতই জোরদার হতে পারত।
সন্দীপ্তা সেনের মুখ্য ভুমিকা, দেবরাজ ভট্টাচার্যের ছোট অথচ ব্যপক উপস্থিতি আর সর্বাগ্রে তথাগত চৌধুরির পেশাদারিত্ব চোখে পড়ার মতো হলেও শুধুমাত্র ছোটখাটো কিছু ত্রুটির জন্যই এবার সিরিজটা একটু পিছিয়েই থাকবে আগের চেয়ে। আশা রাখব, পরেরবার আরো নির্ভেজাল কিছু দেখতে পাবো!